মৎস্য চাষে টরিন (Taurine) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান-পুষ্টিবিদ সাইফি নাসির

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: আধুনিক অ্যাকোয়াকালচারে টরিন (Taurine) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি সম্পূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা মাছের দ্রুত বৃদ্ধি, উন্নত ফিড ব্যবহারের দক্ষতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্তমানে ফিশমিলের পরিবর্তে উদ্ভিজ্জ প্রোটিন ব্যবহার বাড়ার কারণে মাছের খাদ্যে টরিন যোগ করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে বলে জানিয়েছেন পুষ্টিবিদ সাইফি নাসির।

তিনি জানান, টরিন একটি নিরপেক্ষ β-অ্যামিনো এসিড, যা সালফারযুক্ত অ্যামিনো এসিডের বিপাক থেকে উৎপন্ন হয়। এটি মাছের বৃদ্ধি ত্বরান্বিত করে, ফিড কনভার্সন রেশিও (FCR) কমায়, প্রোটিন দক্ষতা (PER) বৃদ্ধি করে এবং মাছের লিভার সুস্থ রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, খাদ্যে টরিন যোগ করলে মাছের চূড়ান্ত ওজন (FBW) বৃদ্ধি পায় এবং খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। বিশেষ করে সামুদ্রিক মাছের ক্ষেত্রে টরিনের প্রভাব স্বাদুপানির মাছের তুলনায় বেশি লক্ষ্য করা যায়।

পুষ্টিবিদ সাইফি নাসির বলেন, প্রাকৃতিকভাবে টরিন ফিশমিলে পাওয়া যায়, কিন্তু বর্তমানে সয়াবিনসহ বিভিন্ন উদ্ভিজ্জ প্রোটিন ব্যবহারের কারণে মাছের খাদ্যে টরিনের ঘাটতি দেখা দেয়। তাই উন্নত মানের অ্যাকোয়া ফিড তৈরিতে কৃত্রিমভাবে টরিন যোগ করা প্রয়োজন। সবুজ ও লাল শৈবালের কিছু প্রজাতি যেমন মাজায়েলা, পোরফাইরা ও কনড্রাক্যান্থাসে টরিনের উপস্থিতি বেশি থাকে, যা প্রাকৃতিক উৎস হিসেবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, টরিন মাছের শরীরে পিত্ত লবণ তৈরি করতে সাহায্য করে, যা চর্বি হজমে সহায়ক। টরিনের অভাবে মাছের গ্রিন লিভার সিনড্রোমসহ বিভিন্ন বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে। এছাড়া এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, স্ট্রেস কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মাছের খাদ্য গ্রহণের আগ্রহ বৃদ্ধি করে। উচ্চ মাত্রার উদ্ভিদ প্রোটিন ব্যবহারে যে ফ্যাটি লিভার বা লিপিড জমার সমস্যা দেখা যায়, টরিন তা কমাতে সাহায্য করে এবং লিভারের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে।

পুষ্টিবিদ সাইফি নাসির বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও চীনে সব ধরনের মাছের খাদ্যে টরিন ব্যবহারের অনুমোদন রয়েছে এবং কম ফিশমিল ব্যবহার করে টেকসই ফিড তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে টেকসই মৎস্য চাষ নিশ্চিত করতে ফিশমিলের বিকল্প হিসেবে উদ্ভিজ্জ প্রোটিন ব্যবহারের সাথে টরিন সম্পূরক যোগ করা অপরিহার্য হয়ে উঠবে।

তিনি মৎস্য চাষিদের উদ্দেশ্যে বলেন, সঠিক মাত্রায় টরিন সমৃদ্ধ ফিড ব্যবহার করলে মাছের বৃদ্ধি দ্রুত হবে, মৃত্যুহার কমবে, ফিড খরচ কমবে এবং খামারের লাভ বাড়বে। তাই আধুনিক মৎস্য চাষে টরিন সমৃদ্ধ খাদ্য ব্যবহার সময়ের দাবি।